স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লেইদা শুক্রবার অধিকাংশ প্রকাশ্য স্থানে পুরো মুখ ঢেকে রাখার পোশাক নিষিদ্ধ করেছে। দেশটিতে মুসলিম নারীদের ব্যবহৃত বোরকা ও নিকাবের বিরুদ্ধে এটি বিরল পদক্ষেপ।
ফ্রান্স, পর্তুগাল ও বেলজিয়ামের মতো ইউরোপের কয়েকটি দেশে এ ধরনের পোশাক নিষিদ্ধ বা ব্যবহারে বিধিনিষেধ থাকলেও স্পেনে এ বিষয়ে কোনো জাতীয় আইন নেই।
বার্সেলোনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে কাতালোনিয়া অঞ্চলের প্রাদেশিক রাজধানী লেইদায় প্রায় দেড় লাখ মানুষের বসবাস। ২০১০ সালে শহরটি কিছু প্রকাশ্য স্থানে পুরো মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করেছিল। স্পেনে সেটিই ছিল এ ধরনের প্রথম পদক্ষেপ।
তবে একটি মুসলিম সংগঠনের দীর্ঘ আইনি চ্যালেঞ্জের পর ২০১৩ সালে স্পেনের সুপ্রিম কোর্ট ওই নিষেধাজ্ঞা বাতিল করে দেন। আদালত রায়ে বলা হয়, এই নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে এবং স্থানীয় কর্তৃপক্ষ তাদের ক্ষমতার সীমা অতিক্রম করেছে। একই সঙ্গে অন্যান্য পৌরসভায় নেয়া একই ধরনের পদক্ষেপও বাতিল করা হয়।
শুক্রবার লেইদার নগর পরিষদের বৈঠকে ওই আইনি জটিলতা এড়ানোর লক্ষ্য নিয়ে তৈরি একটি পৌর আইন সংশোধনের পক্ষে ১৬ এবং বিপক্ষে ১১ ভোট পড়ে।
সংশোধিত আইনে সরাসরি বোরকা বা নিকাবের নাম উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, ‘এমন কোনো পোশাক, সামগ্রী বা উপাদান নিয়ে প্রকাশ্য স্থানে অবস্থান করা বা চলাচল করা যাবে না, যা পুরো মুখ ঢেকে রাখে।’
নতুন বিধানটি আগের নিষেধাজ্ঞার তুলনায় আইনি চ্যালেঞ্জের ঝুঁকি কমানোর লক্ষ্যেই তৈরি করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
