পাকিস্তানের ডেরা ইসমাইল খানে একটি পুলিশ চেকপোস্টে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দারাজিন্দার কাছে আমান মেলা এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২। খবর ডনের।
রেসকিউ ১১২২-এর কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। হামলার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
পুলিশ জানিয়েছে, মুগল কোট ও দারাজিন্দার কাছে ডেরা ইসমাইল খান-কোয়েটা সড়কের আমান মেলা চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটেছে। এলাকাটি খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তের কাছাকাছি।
পাক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আহতদের মধ্যে পুলিশ ও কাস্টমস বিভাগের সদস্য ছাড়াও দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন। রেসকিউ ১১২২ জানিয়েছে, এ পর্যন্ত ৩০ জন আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে।
