গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৮৪ জনে দাঁড়ালো। গত একদিনে নতুন করে ১ হাজার ২৬৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট ৩ জন মারা গেছেন। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে চলতি বছরের ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২১ হাজার ১৫ জনের হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত মোট ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
