হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা মুশতাক খান আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ৫৬ বছর বয়সে মারা যান তিনি। চার দশকের বেশি সময়ের কর্মজীবনে পার্শ্বচরিত্রে নিয়মিত অভিনয় করে হিন্দি বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করেছিলেন অভিনেতা। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা। মুশতাক খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) সভাপতি বি এন তিওয়ারি। তার ব্যবসায়িক অংশীদার শিবম জানান, আট দিন আগে আবারও ক্যানসার শনাক্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ক্যানসার শেষ পর্যায়ে ছিল। ১৯৮০ সালে ‘আলবার্ট পিন্টো কো গুসসা কিঁউ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন মুশতাক। চার দশকের বেশি সময়ের অভিনয়জীবনে ‘আশিকি’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘হেরা ফেরি’, ‘গদর: এক প্রেম কথা’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’ ও ‘ও মাই গড!’ সহ বহু সিনেমায় অভিনয় করেছেন। সিনেমার পাশাপাশি টেলিভিশন ও ওটিটিতেও কাজ করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ‘স্ত্রী’, ‘বাধাই দো’, ‘স্ত্রী ২’, ‘বনবাস’, ‘বেবি জন’, ‘ধুম ধাম’ ও ‘জাত’ সিনেমায় দেখা গেছে তাকে।
