উড়ন্ত কামব্যাক আরফিন রুমি’র

উড়ন্ত কামব্যাক আরফিন রুমি’র

ফন্ট সাইজ:

ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীত তারকা আরফিন রুমি। নিজের কণ্ঠের বাইরে অন্যকে গাইয়েও সফল তিনি। তার হাত ধরে সংগীতাঙ্গনে অনেক শিল্পীর আবির্ভাব ঘটেছে, যারা এখন এ অঙ্গনে প্রতিষ্ঠিত। মাঝে বেশ বড় একটি বিরতিতে ছিলেন রুমি। বিশেষ করে আধ্যাত্মিকতা চর্চার জন্যই মূলত সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। তবে গত দুই বছর ধরে নিয়মিত গানে দেখা মিলছে তার। শুধু দেখাই মিলছে না, ফিরেই নিজের গানে চমকে দিয়েছেন ভক্ত-শ্রোতাদের। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত দর্শকপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ নাটকের টাইটেল গান করেন রুমি, যা তুমুল জনপ্রিয়তা পায়। মাহমুদ মানজুরের কথায় গানটির সুর ও সংগীতও রুমি’র করা। গানটিতে তার সহশিল্পী দোলা।

এ গানের মাধ্যমে উড়ন্ত এক কামব্যাক ঘটেছে রুমি’র। পাশাপাশি অডিও এবং সিনেমার গানেও ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। রুমি জানান, এবার গান তৈরি ও প্রকাশের দিকে পূর্ণ মনোযোগ তার। তারই ধারাবাহিকতায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’র টাইটেল গানটি করেছেন তিনি। কবির বকুলের কথায় এর সুর-সংগীতও তার।

এবারো রুমি’র সহশিল্পী দোলা। আরফিন রুমি বলেন, এবারের গানটিও বেশ আবেগি কথা-সুরে করা। আমার বিশ্বাস, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। এদিকে, আরফিন রুমিকে এ গানের বাইরেও সামনে পাওয়া যাবে সিনেমা, নাটক ও অডিও গানে। এরই মধ্যে গান তৈরির মিশন শুরু হয়েছে তার। নিজের পছন্দের মানুষগুলোকে নিয়ে তিনি একের পর এক গান তৈরিতে মনোযোগ দিয়েছেন। দ্রুতই গানগুলো একের পর এক আসবে বলেও জানালেন তিনি। রুমি বলেন, অনেক গান একসঙ্গে প্রকাশ করবো এ রকম নয়। আমি গান তৈরি করে যাচ্ছি নিজের মতো করে। নির্দিষ্ট সময় পর পর আমার ভক্ত-শ্রোতারা সেগুলো পাবেন একে একে।