সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাক চাপায় আব্দুল মমিন নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের সরিষাকোল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মমিন ওই উপজেলার মশিপুর গ্রামের আবু সাঈদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মমিন সরিষাকোল বাজারে যাত্রীর অপেক্ষায় অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় পাবনাগামী একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে তার অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বেপরোয়া ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে গেছেন।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহমেদ বলেন, জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট পাঠানো হয়েছিল। তারা মরদেহ ও ক্ষতিগ্রস্ত অটোরিকশা উদ্ধার করে পুলিশকে জানিয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর পালিয়ে যাওয়া ট্রাকটি তারা শনাক্ত করার চেষ্টা করছেন।
