ফরিদপুর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার মালিকানাধীন অবৈধ ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ, যৌন উত্তেজক ওষুধ, শিশু খাদ্যপণ্য, ক্ষতিকর কেমিক্যাল ও ওষুধ তৈরির কাঁচামাল জব্দ করেছে যৌথ বাহিনী। অভিযানে কারখানার এক কর্মচারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ফরিদপুর শহরের গোয়ালচামট ১ নম্বর সড়কে অবস্থিত ‘জনতা আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে কোনো বৈধ কাগজপত্র ও অনুমোদিত প্রক্রিয়া ছাড়াই বিভিন্ন ধরনের ওষুধ তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ, শিশুদের জন্য ব্যবহৃত জেলি, ভেজাল আয়ুর্বেদিক ওষুধ, কেমিক্যাল ও বিভিন্ন কাঁচামাল জব্দ করা হয়। প্রশাসনের হিসাবে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
অভিযানের সময় জিল্লুর রহমান নামের এক কর্মচারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ভেজাল পণ্য সংরক্ষণের দায়ে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া কারখানায় থাকা অবৈধ যন্ত্রপাতি সরিয়ে নেয়ার জন্য ভবনের মালিককে সাত দিনের সময় দেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব রহমান আকাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটিতে বিপুল পরিমাণ ভেজাল ও ক্ষতিকর ওষুধ ও কেমিক্যাল পাওয়া যায়। এসব ওষুধ তৈরিতে কোনো বৈজ্ঞানিক বা অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করা হতো না। জব্দ করা মালামাল বাজেয়াপ্ত করে বিনষ্ট করার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, কারখানায় পাওয়া চালান ও রসিদ পর্যালোচনা করে এসব পণ্য দেশের অন্য কোথায় সরবরাহ করা হতো তা শনাক্তের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট স্থানগুলোতেও অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার একই এলাকার মোল্লাবাড়ি সড়কে এনসিপি নেতা বায়েজিদ হোসেন শাহেদের অপর একটি কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন। অবৈধভাবে ওষুধ তৈরি ও সংরক্ষণের অভিযোগে ওই সময় তাকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই গোয়ালচামটের কারখানাটির সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে প্রশাসন।
বায়েজিদ হোসেন শাহেদ এনসিপির ফরিদপুর জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে কারাদণ্ড ও অবৈধ ওষুধ কারখানার সংশ্লিষ্টতার খবর প্রকাশের পর বৃহস্পতিবার বিকেলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে এনসিপির কেন্দ্রীয় কমিটি।
দলীয় দপ্তর সেলের বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং দলীয় নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
