নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়েছিল ইঞ্জিনচালিত নৌকা। পানিতে ডুবে লাহেসা বেগম (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে এ ঘটনায়। তার লাশ উদ্ধার করা হয়েছে। মাঝিসহ নৌকায় থাকা ৮ জন তীরে উঠতে পেরেছেন। এই ঘটনায় একই পরিবারের চারজন এখনো নিখোঁজ রয়েছেন। তারা হলেন, হেলাল মিয়া (৪৫), তার ছেলে সজীব (২২), মেয়ে সামিয়া (১৯) ও শিশু শামীম (৬)। তাদের বাড়ি হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামে। চারজনকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কুমিল্লার হোমনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীমদ্দি গ্রামের গাঙ্কুল বাড়ির পাশের তিতাস নদীর পাড় থেকে নৌকাটি সোনারগাঁয়ের উদ্দেশে রওনা হয়েছিল। যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। নৌকায় মাঝিসহ ১৩ জন ছিলেন।
বেলা ৩টার দিকে নৌকাটি সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকার কাছাকাছি মেঘনা নদীতে পৌঁছায়। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয় । নদী উত্তাল হয়ে ওঠে। তীব্র বাতাস ও ঢেউয়ের ধাক্কায় তীরের কাছাকাছি নৌকাটি উল্টে যায়।
স্থানীয়দের সহায়তায় আটজন তীরে উঠতে সক্ষম হন। তাদের মধ্যে লাহেসা বেগমের ভাইয়ের স্ত্রী শিরিনা আক্তার (৪০) ও তার ৮ বছরের মেয়ে লামিয়াও রয়েছেন। পরে স্থানীয়রা নদী থেকে লাহেসা বেগমের মরদেহ উদ্ধার করেন।
লাহেসা বেগম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি নিখোঁজ হেলাল মিয়ার ফুপু। দুর্ঘটনার সময় হেলাল মিয়ার পরিবারের সাতজন সদস্য নৌকায় ছিলেন। নৌকার মাঝি আহাম্মদ নবী বলেন, তীরে পৌঁছানোর আর এক থেকে দেড় মিনিট বাকি ছিল। তখন হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও উত্তাল ঢেউ শুরু হয়। নৌকার তলা ফাটেনি। ঢেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে যায়। ৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও হেলাল মিয়ার পরিবারের চারজন নিখোঁজ হন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, বৃহস্পতিবার সারা দিন শেষে রাত ৩টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। শুক্রবার সকাল থেকে ডুবুরি দল, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আবারও উদ্ধার অভিযান শুরু করেন। তবে দুপুর পর্যন্ত নিখোঁজ চারজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, ঘটনাটি নারায়ণগঞ্জের মেঘনা নদীর সীমানায় ঘটেছে। নিখোঁজ ব্যক্তিরা হোমনার বাসিন্দা। তাদের উদ্ধারে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।
সোনারগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় নৌকাডুবি, নারীর লাশ উদ্ধার, নিখোঁজ ৪
সৈয়দ আনোয়ার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
অনলাইন
৪৭ মিনিট আগে
২৫ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৬, ১২ঃ৩২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
