হরমুজ প্রণালি দ্রুত খুলে দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ৮০টি দেশ। একই সঙ্গে ইরান ও তাদের মিত্র গোষ্ঠী হুতিদের হামলার নিন্দাও জানিয়েছে দেশগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি ৮০ দেশের পক্ষে যৌথ বিবৃতি পড়ে শোনান।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক নিরাপত্তা এবং নৌ চলাচলের অধিকার ও স্বাধীনতার জন্য হুমকি তৈরি করছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ছে।
বিবৃতিতে আরও বলা হয়, আমরা কোনো ধরনের বিলম্ব ছাড়াই নৌ চলাচলের অধিকার ও নীতিমালা পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে যায়। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে প্রণালিটি বন্ধ ঘোষণা করে তেহরান।
এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৮০ দেশের এই আহ্বানের মধ্য দিয়ে হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল দ্রুত পুনঃপ্রতিষ্ঠার ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ল।
ইরানের কর্মকাণ্ডে 'ক্ষোভ', হরমুজ খুলতে জাতিসংঘে ৮০ দেশের আহ্বান
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ১১ঃ৩২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
