ভোলার মেয়ে জান্নাত আক্তার সূচি অভিনয় করতেন ছোটবেলা থেকেই। রাজধানীর আইডিয়াল স্কুলের ‘মাটির থিয়েটার’-এ একক অভিনয় করার মধ্যদিয়ে অভিনয়ের দুনিয়ার তার পথচলা। উচ্চমাধ্যমিক পর্যন্ত এই স্কুলে পড়াশোনাকালীন সময়ে সূচি অভিনয় করেছেন মঞ্চে। যে কারণে তিনি কৃতজ্ঞ তার মনা স্যার ও শাহীন ভাইয়ের কাছে। এরপর বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলেন, তখন একটা দুর্ঘটনায় তিনি জীবন চলার পথে একটু পিছিয়ে যান।
কিন্তু অদম্য সূচি ভেঙে পড়েননি, থেমে যাননি। স্বপ্নপূরণের পথে হাঁটতে থাকলেন। রিফাত আদনান পাপনের পরিচালনায় ‘প্রফেশনাল লাভার’ নাটকে অভিনয় করেন তালহা খানের সঙ্গে। এরপর সূচি ইমরাউল রাফাতের ‘হ্যালো লেডিস’, ‘বেস্টফ্রেন্ডের বয়ফ্রেন্ড’, ‘গার্লফ্রেন্ড গায়েব’ নাটক সহ আরও বেশ কিছু নাটকে অভিনয় করেন। দীপ্ত টিভিতে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘শিউলী মালা’তে অভিনয় করেও দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের আর্টফিল্ম ‘রোহিঙ্গা’তেও অভিনয় করেছেন জান্নাত সূচি। প্রাণ লাচ্ছি, আরএফএল টিউবওয়েল সহ বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।
এরই মধ্যে জান্নাত সূচি অভিনীত তিনটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। নাটক তিনটি হচ্ছে— ‘দলছুট পাখিরা’, ‘মিডল ক্লাস’ ও ‘এআই জুনিয়র’। তিনটি নাটকেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। আগামীর স্বপ্ন প্রসঙ্গে জান্নাত সূচি বলেন, অভিনয় নিয়ে অনেক স্বপ্ন। নিজেকে অভিনয়ে পারফেক্ট দেখতে চাই, নিখুঁত একজন অভিনেত্রী হতে চাই।
