মধ্যরাতের পরপরই এক প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে দক্ষিণ লেবাননের খিয়াম শহর ও এর আশপাশের এলাকা। নাবা আল-রাইকা থেকে আল-মাবারাত সংযোগস্থল পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এর তীব্র কম্পন জেদেইদেত মারজায়ুন ও আল-কালাইয়াহসহ নিকটবর্তী বিভিন্ন শহরে অনুভূত হয়। এ খবর প্রকাশ করেছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএ।
এদিকে বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ লেবাননে নতুন করে গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। দেশটির আল-মানসুরি শহর এবং জিবকিন শহরের সংলগ্ন উপত্যকাগুলোকে লক্ষ্য করে এসব ভারী গোলা নিক্ষেপ করা হয়। সীমান্তবর্তী এসব এলাকায় ধারাবাহিক হামলায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়নি।
