অধিকৃত পশ্চিম তীরে এক গাড়ি হামলায় গুরুতর আহত হয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটারের ছেলে। তিনি ইসরাইলি সেনাবাহিনীর একজন রিজার্ভ সেনা সদস্য। বুধবার রামাল্লার পশ্চিমে একটি তল্লাশি চৌকিতে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে ইসরাইলি বাহিনীর গুলিতে গাড়ির চালক নিহত হন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
ইসরাইলি পুলিশ জানায়, বেইত হোরন অবৈধ বসতির কাছে একটি চৌকিতে হঠাৎ গাড়ি দিয়ে চাপা দেয়া হয়। এতে নেরিয়া লাইটার নামে ওই সেনা সদস্য মারাত্মক আহত হন। তাকে জেরুজালেমের শারে যেদেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার শরীরে জটিল অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। এর আগে ২০২৩ সালের নভেম্বরে গাজায় অভিযানে গিয়ে রাষ্ট্রদূতের আরেক ছেলে নিহত হয়েছিলেন।
যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে হাসপাতালে ওই সেনাকে দেখতে যান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুলিতে নিহত যুবকের নাম মাহমুদ মোহাম্মদ সুলেইমান (২৯)। ঘটনার পর তার মরদেহ আটকে রেখেছে ইসরাইল। এছাড়া তার গ্রামের সব প্রবেশপথ বন্ধ করে দিয়ে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়েছে ইসরাইলি সেনারা।
