দিনাজপুরে মেস থেকে হাবিপ্রবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে মেস থেকে হাবিপ্রবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২১তম ব্যাচের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিসিএস গলির ফজিলা মেস থেকে সিনথিয়া নামের ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

বুধবার রাতে কোতোয়ালি থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে মেয়েটি আত্মহত্যা করেছেন।

কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত মেসের অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই গল্প করেছেন, আড্ডা দিয়েছেন সিনথিয়া। সকালে আশপাশের রুমের কয়েকজন ডাকাডাকি করলেও তার সাড়া পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব দেননি সহপাঠীরা। ক্যাম্পাস বন্ধ থাকায় সারাদিন কারো সঙ্গে দেখা-সাক্ষাতও হয়নি সিনথিয়ার। বুধবার সন্ধ্যার পর মেসের ভাড়া-সংক্রান্ত মিটিংয়ের জন্য আবারও ডাকতে গিয়ে সাড়া না পেয়ে মেস মালিককে খবর দেন অন্যান্যরা। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবুল কালাম বলেন, ‘সন্ধ্যার কিছু পর জানতে পারি একটি মেসে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। পরে প্রো-ভিসিসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যাই। পুলিশকে অবহিত করার পর তারা আইনি ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে।’

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, ‘আমরা খবর পাই হাবিপ্রবি সংলগ্ন বিসিএস গলির শেষ মাথায় মেয়েদের মেসে একজন শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। ফজিলা মেস থেকে সিনথিয়ার লাশ ঝুলন্ত অবস্থায় পাই। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত শেষে জানা যাবে।’