কুমিল্লায় একরাতে ৬২৪ জনকে আটক, জিজ্ঞাসাবাদ চলছে

‘কিশোর গ্যাংয়ে’ সম্পৃক্ততার অভিযোগ

কুমিল্লায় একরাতে ৬২৪ জনকে আটক, জিজ্ঞাসাবাদ চলছে

ফন্ট সাইজ:

কিশোর গ্যাংয়ে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লায় একরাতে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানান তিনি।

লুৎফর রহমান বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সের কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এরই পরিপ্রেক্ষিতে কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রত্যেকটি থানার বিভিন্ন স্থানে, যেখানে বখাটেদের উৎপাত রয়েছে ওই সব স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের পূর্বের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সেজন্য নিয়মিত এই অভিযান  চালানো হবে।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিমের খুনের ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে আবারও আলোচনা সমালোচনা শুরু হয়। এরপরই বিশ্ববিদ্যালয় এলাকাসহ জেলার ১৮টি থানার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং এবং বখাটেদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ।