লি জিয়াকি। ‘লিপস্টিক কিং’ নামে সুপরিচিত চীনা লাইভস্ট্রিম সুপারস্টার। প্রায় এক দশক ধরে এই খাতের শীর্ষ তারকা ও ১০ কোটির বেশি অনুসারী রয়েছে তার। তিনি মনে করেন, প্রযুক্তি যতই আসুক না কেন, মানুষের প্রয়োজনীয়তা শেষ হয়ে যাবে না। অর্থনৈতিক মন্দার প্রভাবে ভোক্তা ব্যয়ের ধীরগতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত প্রসারের মুখে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে চীনের লাইভস্ট্রিম শপিং খাত। তবুও নিজের অবস্থানে অনড় রয়েছেন লি।
চীনের খুচরা বিক্রয় খাতে লাইভস্ট্রিম এখন অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। ২০২১ সালে মোট অনলাইন বিক্রির ১৮ শতাংশের কম আসত লাইভস্ট্রিম থেকে। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ শতাংশের বেশিতে। তবে চলতি বছরের প্রথম আট মাসে পারিবারিক ব্যয় মাত্র ১ দশমিক ১ শতাংশ বাড়ায় এবং আগস্টে খুচরা বিক্রি কমে মাত্র ০ দশমিক ৪ শতাংশে নামায় এই খাতের প্রবৃদ্ধি কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতির মধ্যেই খরচ কমাতে দ্রুত জায়গা করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভার্চুয়াল বা ডিজিটাল উপস্থাপক। জেডি ডটকমের মতো শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলো বিনা মূল্যে এআই উপস্থাপক সেবা চালু করেছে, যা লাইভস্ট্রিমের পরিচালন ব্যয় ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। মানুষের ক্লান্তি থাকলেও এই ডিজিটাল প্রতিরূপগুলো দিন-রাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে পণ্যের প্রচার চালাতে পারে। ফলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান এখন ঝুঁকির মুখে পড়েছে।
তবে এআই উপস্থাপক মানুষকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে না বলে দৃঢ় বিশ্বাস লি জিয়াকির। তিনি বলেন, চার-পাঁচ বছর আগের মতো অতি দ্রুত প্রবৃদ্ধি না হলেও খাতটি এখন একটি স্থিতিশীল ও সুস্থির পর্যায়ে পৌঁছেছে।
‘এআই মূলত মানুষের ফেলে আসা তথ্যের ওপর ভিত্তি করে কাজ করে, কিন্তু একজন রক্তমাংসের মানুষ প্রতিনিয়ত নতুন ভাবনা ও দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে।’
তার মতে, নিজের অনুপস্থিতিতে রাতে দর্শকদের সঙ্গ দেয়ার মতো সহায়ক কাজেই কেবল এআই ব্যবহার করা যেতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মানুষের তৈরি আস্থা এআই দিয়ে সম্ভব নয়।
সাংহাইয়ের বাণিজ্যিক বিশ্লেষক এবং অন্যান্য উপস্থাপকরাও একই মত পোষণ করে জানিয়েছেন, ক্রেতাদের সঙ্গে বিশ্বাস ও আবেগের সম্পর্ক তৈরিতে মানবিক উপস্থাপনা অপরিহার্য। বিশেষজ্ঞদের মতে, তীব্র প্রতিযোগিতায় সাধারণ উপস্থাপকদের পেশা টিকিয়ে রাখা কঠিন হলেও মানুষের নিজস্ব বিশ্বাসযোগ্যতার গুরুত্ব শেষ হয়ে যাবে না।
সূত্র: রয়টার্স
