জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বুধবার (২৩ সেপ্টেম্বর) ভাষণ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তার বক্তব্যের কয়েক মিনিটের মধ্যেই অধিবেশন কক্ষে থাকা একমাত্র মার্কিন প্রতিনিধি বেরিয়ে যান।
ভাষণের শুরুতেই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ তুলে ধরেন পেজেশকিয়ান। যুদ্ধের শুরুতে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানিরা সন্ত্রাসবাদের শিকার হয়েছেন।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও অবস্থান স্পষ্ট করেন দেশটির প্রেসিডেন্ট।
তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তি অর্জনের লক্ষ্য কোনো সমাজকে অস্ত্র দিয়ে হুমকি দেয়া নয়। বরং দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে চায় ইরান।
এদিন পেজেশকিয়ান আরও বলেন, ‘আমরা অগ্রগতির জন্য পারমাণবিক প্রযুক্তি চাই, সমাজকে অস্ত্র দিয়ে হুমকি দেয়ার জন্য নয়।’ একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।
তার ভাষণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কৌশলগত হরমুজ প্রণালির প্রসঙ্গও। ইরানের প্রেসিডেন্ট বলেন, কোনো দেশকে হরমুজ প্রণালি ব্যবহার করে ইরানের ওপর আগ্রাসন চাপিয়ে দেয়ার সুযোগ দেয়া হবে না।
তিনি বলেন, ইরান কখনো মাথা নত করবে না এবং হাঁটু গেড়ে বসবে না। তার ভাষায়, চাপ ও শক্তির দাপটের পরিবর্তে বিশ্বের দেশগুলোকে একসঙ্গে কাজ করে প্রকৃত শান্তি ও স্থিতিশীলতার পথ খুঁজে নিতে হবে।
পেজেশকিয়ান আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা ও সংলাপের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি বিশ্বনেতাদের প্রতি ‘সত্যিকারের শান্তি ও স্থিতিশীলতা’ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
জাতিসংঘে পেজেশকিয়ানের ভাষণের মাঝেই মার্কিন প্রতিনিধির ওয়াকআউট
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
২৩ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬, ১১ঃ৫৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
