চট্টগ্রামের বাঁশখালীতে বউ-শাশুড়ির বিরোধ থামাতে গিয়ে গাছের অংশের আঘাতে মোহাম্মদ রাশেদ (৩৫) নামে প্রতিবেশী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জমিলা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রাশেদ বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জঙ্গল জলদি এলাকার মো. নুরুল আলমের ছেলে। গ্রেপ্তার জমিলা একই এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী।
রাশেদের মৃত্যুর খবর পেয়ে তার স্ত্রী জেসমিন আক্তার কান্নায় ভেঙে পড়েন। তিনি স্বামীর মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার দাবি করেছেন। জানা যায়, মঙ্গলবার সকালে ধূইল্যাঝিরি এলাকায় নাতনির দুষ্টুমি নিয়ে হোসনে আরা বেগম তাকে বেত দিয়ে শাসন করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হোসনে আরার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন জমিলা। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের কয়েকজন প্রতিবেশী বিষয়টি থামাতে এগিয়ে আসেন। তাদের মধ্যে ছিলেন রাশেদও। স্থানীয়দের অভিযোগ, ঝগড়ার একপর্যায়ে জমিলা কাঠের টুকরা বা গাছের একটি অংশ দিয়ে রাশেদের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে যান তিনি। পরে স্থানীয়রা রাশেদকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ফরিদা বেগম ও রুফিয়া বেগমসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, বউ-শাশুড়ির বিরোধ মেটাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে রাশেদ মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় অভিযুক্ত জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
