মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

ফন্ট সাইজ:

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ওই গ্রামের প্রয়াত নজরুল ইসলামের ছেলে ও মনিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। হোমনা থানার ওসি টমাস বড়ুয়াও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ ঘরে মোবাইল ফোন চার্জ দেয়ার সময় নাজমুল বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।