পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরীকে বান্দরবান বাজার ঐক্য পরিষদের সংবর্ধনা

ফন্ট সাইজ:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজপুত্র সাচিং প্রু জেরী এমপিকে সংবর্ধনা দিয়েছে বান্দরবান বাজার ঐক্য পরিষদ। সংবর্ধনা শেষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে বান্দরবান সদর উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বান্দরবান একটি পর্যটননির্ভর জেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এখানে বেড়াতে আসেন। ব্যবসায়ীদের আচরণ, সেবার মান ও বাজারের পরিবেশের ওপর পর্যটকদের কাছে বান্দরবানের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। তাই পর্যটক ও স্থানীয় ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। পার্বত্যমন্ত্রী বলেন, ‘বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কোনো পণ্যের ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়া যাবে না। ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং সঠিক মাপে পণ্য দেয়ার বিষয়েও ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ব্যবসায়ীরা স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটলে কর্মসংস্থান বাড়বে এবং জেলার অর্থনীতি শক্তিশালী হবে। তবে ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও মাথায় রাখতে হবে। বাজারের পরিবেশ সুন্দর রাখা, ভেজাল ও নিম্ন্নমানের পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং ক্রেতাদের স্বার্থ সংরক্ষণে ব্যবসায়ীদের ভূমিকা রাখতে হবে।
মন্ত্রী আরও বলেন, বান্দরবানের পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। সভায় জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বান্দরবান জেলা বিএনপি র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, জেলা পরিষদের সদস্য আব্দুল মাবুদ, বান্দরবান বাজার ঐক্য পরিষদ সাধারন সম্পাদক আবু ছালেহ চৌধুরী, সভাপত্বিত করেন বান্দরবান বাজার ঐক্য পরিষদের সভাপতি মো. আজিজুল হক।