শিগগিরই কুতুবদিয়ার বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে: প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রথম পর্যায়ে সাড়ে ৬ কিলোমিটারের কাজ শুরু করা হবে। এজন্য ঝুঁকিপূর্ণ স্থান গুলো চিহ্নিত করতে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল পরিদর্শন করেছে। বর্তমানে বড় বড় জিও ব্যাগ দিয়ে করা বাঁধ চিরস্থায়ী নয়। তাই এখানে সিমেন্ট ও পাথর দিয়ে স্থায়ী সুপার ডাইক বেড়িবাঁধ তৈরি করতে হবে। শিগগিরই সংশ্লিষ্ট দপ্তরে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এই প্রথম পর্যায়ের কাজ শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বুধবার সকাল ১১টায় কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের রোমাই পাড়া ও আলী আকবর ডেইল ইউনিয়নের সাইটপাড়া এবং কাহারপাড়ার ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে বেড়িবাঁধ পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়ন থেকে যোগ্য প্রার্থীকে সমর্থন দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম শাহাবুদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, প্রতিমন্ত্রীর সহকারী সচিব মো. গোলাম মোস্তফা, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এছাড়াও সভায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিএনপির জেলা-উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শেষে দুপুর সাড়ে ১২টায় পেকুয়া উপজেলার উদ্দেশ্যে কুতুবদিয়া ত্যাগ করেন প্রতিমন্ত্রী।