তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আমরা রাজপথে নেতৃত্ব দিয়েছি, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি। আমরা ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। এই ভোটের অধিকার ভূলুণ্ঠিত করার জন্য, বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য ফ্যাসিবাদী ও খুনি শেখ হাসিনা পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করে তাদের ফ্যাসিবাদ ভেঙে দিয়েছি। এখনো তাদের এই ষড়যন্ত্র সফল হতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ আছে।
বিএনপি’র নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। বুধবার দুপুরে কিশোরগঞ্জে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এসব কথা বলেন। ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা প্রসঙ্গে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। এখন দেখতে চাই। আপনাদের আইনের আওতায় এনে জনগণ যে বিচার করবে, সেই বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না।
সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা ও ইসমাইল হোসেন মধু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক ও নাজমুল আলম, ভিপি সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
