কুয়াকাটায় ভুয়া ম্যাজিস্ট্রেটের এক বছর কারাদণ্ড

ফন্ট সাইজ:

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেল কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেয়া এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএস গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার হারুন অর রশিদের ছেলে।
প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাসেল বিভিন্ন স্থানে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করতো। কুয়াকাটায় এসে ওই পরিচয়ে একটি হোটেল কক্ষ বুক করে। পরে একটি বিকাশের দোকানে গিয়ে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেয় বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া বিয়ের ক্ষেত্রেও তিনি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার দুইটি বিয়ে রয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, প্রথম স্ত্রী’র কাছ থেকে সে প্রায় ১০ লাখ টাকা নিয়েছে। সূত্র জানায়, নিজের ভুয়া পরিচয়কে বিশ্বাসযোগ্য করে তুলতে ৪৪তম বিসিএসের গেজেটে ২৩২ নম্বর ক্রমিকে থাকা ‘মো. রাসেল মিয়া’র নাম পরিবর্তন করে ‘মো. রাসেল হাওলাদার’ করা হয়। এ জন্য এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে প্রতারক রাসেল জানিয়েছে।

একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্রও জালিয়াতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি প্রশাসনের নজরে এলে মহিপুর থানার এসআই মো. মাসুদ খানের সহযোগিতায় অভিযান চালিয়ে রাসেল হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত কাগজপত্র ও নথিপত্র যাচাই করা হয়।

পরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করা গুরুতর অপরাধ। বিষয়টি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারি কর্মকর্তা পরিচয়ে কেউ যাতে সাধারণ মানুষকে প্রতারিত করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।