উখিয়ার সৈকতে ভেসে এলো তিন মরদেহ

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় সমুদ্রসৈকতের অজ্ঞাত কোনো স্থান থেকে তিনটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী সমুদ্রসৈকত এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুইদিন আগে টেকনাফ সাগরে ডুবে যাওয়া রোহিঙ্গাবাহী ট্রলারের নিখোঁজ যাত্রীদের মধ্যে তারা থাকতে পারেন। পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌকার ঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সমুদ্রসৈকতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রিমন ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর বিকাল পৌনে ৩টার দিকে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী এলাকায় সমুদ্রসৈকতে আরও দু’টি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। স্থানীয়দের ভাষ্য, জোয়ারের পানিতে মরদেহগুলো সমুদ্রসৈকতে ভেসে এসেছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা করছেন তারা। তবে মরদেহগুলোর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের তথ্যমতে, গত ২১শে সেপ্টেম্বর টেকনাফ সাগরে একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় কোস্ট গার্ড ১৭ জনকে জীবিত উদ্ধার করলেও আরও বেশ কয়েকজন নিখোঁজ থাকার খবর পাওয়া যায়।

এর দুইদিন পর উখিয়ার সৈকতে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় এগুলো ওই ট্রলারডুবির নিখোঁজ ব্যক্তিদের মরদেহ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘সাগরপাড় থেকে তিনটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহগুলো টেকনাফে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কি না, তা যাচাই করা হচ্ছে। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’