নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ময়ূরীকে গলায় ছুরিকাঘাত করে আহত করার পর শামীম (৩৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে সদর উপজেলার ফতুল্লার চিতাশাল এলাকার ১ নম্বর গলিতে এই ঘটনা ঘটে। নিহত শামীম শরীয়তপুরের ঘোষেরহাট গ্রামের নুরু বেপারীর ছেলে। তিনি চিতাশাল এলাকার খোকন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয়রা জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শামীম ও তার স্ত্রী ময়ূরীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার সকালে তাদের মধ্যে ফের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে শামীম স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত করেন। এতে ময়ূরী গুরুতর আহত হন। পরে শামীম ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এদিকে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় ময়ূরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে এ ঘটনা ঘটেছে।
নিহত শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
