শাহরাস্তিতে আগুনে পুড়ে ৩টি গরুর মৃত্যু, হৃদ্‌রোগে আক্রান্ত খামারি

ফন্ট সাইজ:

চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে একটি গরুর খামারে দুর্বৃত্তের দেয়া আগুনে তিনটি গরু পুড়ে মারা গেছে। আগুনে খামারটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। চোখের সামনে গরুগুলো পুড়ে মারা যাওয়ার দৃশ্য ও বড় ধরনের আর্থিক ক্ষতি সইতে না পেরে খামারের মালিক ইয়াকুব আলী হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। মঙ্গলবার গভীর রাতে উপজেলার টামটা দক্ষিণ ইউপি’র আলীপুর মিজিবাড়ীতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামারি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে নিজের গরুগুলোর দেখাশোনা শেষে খামারি ইয়াকুব আলী ঘুমিয়ে পড়েন। গভীর রাতে খামারে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার করে বিষয়টি জানান। খবর পেয়ে ইয়াকুব আলী ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার গো-খামারটি দাউ দাউ করে জ্বলছে।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত খামারে থাকা তিনটি গরুকে রক্ষা করা সম্ভব হয়নি। ইয়াকুব আলীর ছেলে আমান উল্লাহ অভিযোগ করে বলেন, পূর্ব-শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে খামারে আগুন দেয়া হয়ে থাকতে পারে। একই অভিযোগের কথা জানান- পরিবারের জামাতা মো. খোকন। তিনি বলেন, কিছুদিন আগে খামার থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখে ফেলেন।

তখন চোরেরা গরুটি রেখে পালিয়ে যায়। ওই ঘটনার সঙ্গে বর্তমান অগ্নিকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে পরিবারটি। শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, এই বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। ক্ষতিগ্রস্ত মালিক অভিযোগ দিলে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে।