নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যাতে অরাজকতা, নৈরাজ্য বা সন্ত্রাসী পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাজনৈতিকভাবে মোকাবিলার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অবৈধ অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন ও নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল, পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান তিনি। এসব কর্মকাণ্ডের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে উল্লেখ করে জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে।
চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে চট্টগ্রামের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা জরুরি। নগর ও জেলার মানুষের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে। চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকাণ্ডে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।
সাম্প্রতিক সময়ে নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইন সংশোধনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের কিছু প্রবণতা অল্প সময়ে পুরোপুরি পরিবর্তন করা সম্ভব নয়। তবে এ বিষয়ে সরকারের উদ্যোগ রয়েছে এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। চট্টগ্রাম জেলা ও নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও এসব উদ্যোগের সুফল মানুষ পাবেন বলে আশা করা হচ্ছে। সাংবাদিককে ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমান, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
