পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

ফন্ট সাইজ:

সাতক্ষীরার শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টের আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমানের নেতৃত্বে আসামিদর স্বজনরা ওই হামলা চালায়। এ সময় শ্যামনগর থানার চার পুলিশ সদস্য আহত হলেও এএসআই বদরুজ্জামান ও কনস্টেবল নাজমুল হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এসআই অনিরুদ্ধ বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান ও তার পিতাসহ ১৫ জনের নাম উল্লেখ করে ২০/২৫ জন অজ্ঞাত আসামি করে শ্যামনগর থানায় মামলা দায়ের করেছে।

শ্যামনগর থানার ওসি তদন্ত পিয়ার উদ্দিন জানান, এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের দাফন কাজে সহায়তার জন্য তার নেতৃত্বে ৮/৯ জন পুলিশ গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে যায়। দাফন শেষে আদালতের ওয়ারেন্টের আসামি ধরতে একই ইউনিয়নের চাঁদনীমুখা পার্শ্বেখালী গ্রামে অভিযান চালায়। এ সময় ওয়ারেন্টভুক্ত মাইনুর রহমান, শাহিনুর রহমান ও মহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

পিয়ার উদ্দিন আরও জানান, আসামিদের নিয়ে শ্যামনগর থানার উদ্দেশ্যে রওনা দেয়ার পর পথিমধ্যে ইউপি সদস্য মশিউর রহমানের নেতৃত্বে ৩০/৩৫ জন লাঠিসোটা নিয়ে পুলিশের ওর হামলা চালিয়ে শাহিনুর ও মহিদুল ইসলামকে ছিনিয়ে নেয়। এ সময় হামলায় চারজন পুলিশ সদস্য আহত হয়। শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় উপ-পরিদর্শক অনিরুদ্ধ বাদী হয়ে মামলা করেছে। এজাহারনামীয় চার নম্বর আসামি রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।