রায়পুরে দুই শিক্ষার্থী নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান

রায়পুরে দুই শিক্ষার্থী নিখোঁজ, তিনদিনেও মেলেনি সন্ধান

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পথে আরাফাত সায়েম (১৪) ও মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪) নামে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের তিনদিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় দুই পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। গত রোববার সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তারা নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে সোমবার রাতে নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজ আরাফাত উপজেলার ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে ও রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, ইকরামুল গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেনের ছেলে ও রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিখোঁজ সায়েমের বাবা জাকির ও মিনহাজের বাবা এমরান বলেন, রোববার সকালে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।

এরপর সারাদিনেও বাড়িতে ফেরেনি। পরে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান পাইনি। তারা আরও বলেন, সন্তানদের সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সহযোগিতা চাওয়া হয়েছে। এদিকে, নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও দুই শিক্ষার্থীর ছবি ও পরিচয় দিয়ে তাদের সন্ধানে সহযোগিতা চাওয়া হচ্ছে। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, দুই শিক্ষার্থীর নিখোঁজের বিষয়ে থানায় পৃথক জিডি পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।