শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লছনা বাজার এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- উপজেলার কালাপুর ইউনিয়নের সদস্য মাজদিহি চা-বাগানের অমৃত শিংয়ের ছেলে জয় শিং এবং একই এলাকার সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক। তবে নিহত অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ‘আলম এশিয়া’র সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সিএনজি’র ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার সময় বাসে থাকা মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা ইয়াসমিন বলেন, তারা সিলেটে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সফর শেষে ময়মনসিংহের উদ্দেশ্যে ফিরছিলেন। বাসে প্রায় ৪০ জন ছাত্রী ছিলেন। যাত্রার শুরুতেই চালককে ধীরে গাড়ি চালানোর অনুরোধ করা হয়েছিল। লছনা বাজার এলাকায় হঠাৎ সিএনজিটি সামনে চলে এলে চালক হার্ড ব্রেক করেও সংঘর্ষ এড়াতে পারেননি। এতে বাসের কেউ গুরুতর আহত হননি। তবে দুর্ঘটনার আতঙ্কে দুই ছাত্রী জ্ঞান হারান। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ বলেন, রাত সোয়া ৯টার দিকে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

নিহতদের শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। মরদেহগুলো হাসপাতালে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতগাঁও হাইওয়ে থানার দায়িত্বরত পুলিশ উপ-পরিদর্শক মমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও চালককে আটক করা হয়েছে।