জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার ঢাকা-বরিশাল নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত হারে ডেকের ভাড়া প্রায় ১৭ শতাংশ এবং কেবিনের ভাড়া ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। মঙ্গলবার থেকে এই ভাড়া কার্যকর হয়েছে। এদিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও লঞ্চ মালিকদের সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন ভাড়া অনুযায়ী, ঢাকা-বরিশাল রুটে ডেকের ভাড়া ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে। সিঙ্গেল কেবিনের ভাড়া ১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ২০০ টাকা। আর ডাবল কেবিনের ভাড়া ২ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী সুন্দরবন-১৬ লঞ্চের ম্যানেজার সিরাজ জানান, ডিজেলের দাম বাড়ায় প্রতিট্রিপে লক্ষাধিক টাকা ব্যয় বেড়েছে। ব্যবসা টিকিয়ে রাখতে হলে ভাড়া বৃদ্ধি ছাড়া বিকল্প ছিল না।
বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. সলেমান বলেন, বরিশালের লঞ্চমালিকরা ইতিমধ্যে ভাড়া বাড়িয়েছেন। ডেকের ভাড়া ১৭ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
