যৌতুক না পেয়ে গৃহবধূর গোপনাঙ্গহানি, চট্টগ্রামে গ্রেপ্তার পারভেজ

ফন্ট সাইজ:

ফেনীতে যৌতুকের দাবিতে গৃহবধূর গোপনাঙ্গহানির অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মো. পারভেজ (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষ দল (এসআরবি-৭)। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার মাইলের মাথা শেভরন হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পারভেজ ফেনী শহরের বিরিঞ্চি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯শে আগস্ট ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর নির্যাতন ও গোপনাঙ্গহানির ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই ১ নম্বর এজাহারনামীয় আসামি পারভেজ আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদে এসআরবি’র একটি দল খবর পায় চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় পারভেজ অবস্থান করছেন। রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্‌ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।