সীতাকুণ্ডে রেলের জমি দখলমুক্ত করতে গিয়ে বাধা

সীতাকুণ্ডে রেলের জমি দখলমুক্ত করতে গিয়ে বাধা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় রেলওয়ের জমি অবৈধ দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে পড়েছেন রেলওয়ে ও প্রশাসনের কর্মকর্তারা। পরে সেখানে বসবাসকারী প্রায় ৪০-৫০ পরিবারকে এক মাসের সময় দিয়ে উচ্ছেদ অভিযান স্থগিত করে ফিরে যান কর্মকর্তারা। গতকাল দুপুর ১২টার দিকে কুমিরা রেলওয়ে স্টেশন ও ইয়ার্ডসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রেলওয়ে পুলিশ, সীতাকুণ্ড থানা পুলিশ ও চট্টগ্রাম পুলিশ লাইনের সদস্যসহ প্রায় ৩০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও একজন ম্যাজিস্ট্রেটও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ সূত্রে জানা যায়, কুমিরা রেলওয়ে স্টেশন ও ইয়ার্ডসংলগ্ন আপ-মালসহ বিভিন্ন এলাকায় রেলওয়ের জমি দখল করে বসতি ও বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে।

এসব দখলদারকে ২০২৩ সালের ৭ই জানুয়ারি থেকে একাধিকবার নোটিশ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল ও স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়। রেলওয়ের সিনিয়র সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী স্বাক্ষরিত নোটিশে সরজমিন পরিদর্শনে রেলওয়ের জমিতে অবৈধ দখল ও স্থাপনা পাওয়ার কথা উল্লেখ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে আইনানুগ উচ্ছেদ কার্যক্রম পরিচালনার সতর্কতাও দেয়া হয়। রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলের সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হচ্ছে। বর্তমানে নোটিশে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কারা ওই জায়গায় বসবাস বা ব্যবসা করছেন, তা সরজমিন যাচাই করা হচ্ছে।