ফরিদগঞ্জে ৩০ পেশাজীবী পেলেন সনদ ও অনুদানের চেক

ফন্ট সাইজ:

ফরিদগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে ৩০ প্রান্তিক পেশাজীবীকে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির সমাপনী দিনে বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন।

প্রধান অতিথি বলেন, প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা গ্রামবাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প, কামার, বাঁশ-বেত ও কাঁসা-পিতলের পণ্য প্রস্তুতকারক কিংবা মুচির মতো বেশ কিছু পেশা আজ বিলুপ্তির পথে। এসব কাজে যারা জড়িত, তাদের শিক্ষা ও জীবনযাত্রার মান অনুন্নত থাকা এবং আধুনিকতার প্রভাবে প্রাচীন এসব শিল্প ও পেশা হারিয়ে যাচ্ছে। চলমান এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত প্রান্তিক মানুষের কাজের পরিধি বাড়বে এবং নতুন নতুন আত্মকর্মসংস্থান তৈরি হবে। সরকারের এ মানবিক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষদের অর্থনীতির মূলধারায় ফেরানোর পাশাপাশি দারিদ্র্যবিমোচনে বড় ভূমিকা রাখবে। উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় সোমবার হতে বুধবার পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী পরিচালক শফিউদ্দিন মিতুল, রুহুল আমিন বাশির, ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন তালুকদার, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদি হাসান, আইসিটি কর্মকর্তা নাজমুল হোসেন, মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান প্রমুখ।