উখিয়ায় আটক জসিমকে ছিনিয়ে নিলো পাহাড় কাটার চক্র

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমির পাহাড় কাটার সময় জসিম উদ্দিনকে হাতেনাতে আটক করে বন বিভাগ। পরে তাকে ছিনিয়ে নিতে বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে একটি চক্র। এতে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ও বন বিভাগের কর্মচারী (বন মুন্সি) ইসমাইল আহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে উখিয়া বন রেঞ্জের থাইংখালী বনবিটের গজোঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগ সূত্রে জানা যায়, গজোঘোনা এলাকায় সরকারি বনভূমির পাহাড় কেটে ডাম্পারযোগে মাটি পাচার করা হচ্ছিল।

খবর পেয়ে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে জসিম উদ্দিনকে পাহাড় কাটার সময় হাতেনাতে আটক করে। থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ বলেন, জসিমকে আটক করার পর তার ছেলে হৃদয়, মুবিন ও তারেকসহ একটি দল বন কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা জসিমকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় তিনি ও বন মুন্সি ইসমাইল আহত হন। উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, জসিম এলাকার চিহ্নিত পাহাড়খেকো। তার বিরুদ্ধে এর আগেও ৩-৪টি মামলা রয়েছে। তাকে ছিনিয়ে নেয়ার পর রাতভর বন বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে আটকের চেষ্টা করা হয়েছে। কিন্তু সে স্ত্রী-সন্তানসহ এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাকে পাওয়া মাত্রই গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।