সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের কারখানা প্রাঙ্গণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত পরিবারকে অবিলম্বে আর্থিক ক্ষতিপূরণ, আহতদের সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার বহন, নিহত পরিবারকে সরকারি অনুদান ও পুনর্বাসন এবং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় নিহতদের স্মরণে শোক র্যালি করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সকালে জামগড়ায় এফএনএফ ট্রেন্ড ফ্যাশন লিমিটেড (প্রীতি গ্রুপ) কারখানার প্রধান ফটকের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে শুধু সহানুভূতি জানালেই হবে না, তাদের ন্যায্য ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে। একইসঙ্গে স্বজন হারানো পরিবারগুলোর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তারা আরও বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকের জীবন ও নিরাপত্তা কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। শিল্পকারখানায় গ্যাস সিলিন্ডারসহ ঝুঁকিপূর্ণ সরঞ্জাম ব্যবহারে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ ছাড়াও বক্তারা নিহত পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ প্রদান, আহতদের বিনামূল্যে ও পূর্ণাঙ্গ চিকিৎসা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান। একইসঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে ভবিষ্যতে এমন প্রাণহানি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। কর্মসূচিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি আফজাল হোসাইন, ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শেখ মো. আল আমিনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে নিহতদের স্মরণে শোক র্যালি বের করা হয়। এতে অংশ নেয়া শ্রমিক ও নেতাকর্মীরা নিহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং ক্ষতিপূরণ, চিকিৎসা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
