কুড়িগ্রামে সার বিতরণে বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। বুধবার বদলির বিষয়টি নিশ্চিত করেন তিনি। উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাকে ঝিনাইদহে বদলি করা হয়েছে। আমি অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে মঙ্গলবার দায়িত্ব হস্তান্তর করেছি। জানা গেছে, সোমবার মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। তাকে বুধবার বদলিকৃত কর্মস্থল ঝিনাইদহে যোগদান করতে বলা হয়েছে।
অন্যথায় ২৪শে সেপ্টেম্বর তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে। জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, জেলায় সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির কারণে আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেয়া হয়েছে। তার স্থলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপ-পরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামের উপ-পরিচালক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
