নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, গুলিবিদ্ধ ৫

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, গুলিবিদ্ধ ৫

ফন্ট সাইজ:

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় দু’পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সোহেল এবং আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে বুধবার সকালে চরকান্দিপাড়ার দু’পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলি ও দেশীয় অস্ত্রের হামলায় উভয়পক্ষের ১০ জন কম-বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতী থানার চরকান্দিপাড়ার ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন আলী বলেন, পূর্বের হত্যাকাণ্ডের জেরসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শোনা গেছে, তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না তারা গুলিতে আহত হয়েছেন কিনা। তবে গুলিবিদ্ধের বিষয়ে চিকিৎসক নিশ্চিত করে বলতে পারবেন। তা ছাড়া কোনো ধরনের অস্ত্রের ব্যবহার হয়েছে কিনা, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।