নারায়ণগঞ্জে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। বুধবার বিকেলে নগরীর ডিআইটি মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ ও ২০২৪ সালের চেতনা ধারণ করে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এগিয়ে যাচ্ছেন। দেশের মানুষকে নতুন স্বপ্ন দেখাচ্ছেন তিনি।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশকে একটি শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার প্রত্যাশা তৈরি হয়েছে, তখন পালিয়ে থাকা আওয়ামী লীগ ও তাদের অনুসারীরা দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির নানা চেষ্টা চালাচ্ছে।। যারা দেশের বাইরে পালিয়ে অবস্থান করছেন এবং দেশে থাকা তাদের অনুসারীদের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন, তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যারা শান্তিপূর্ণভাবে দেশে অবস্থান করছেন, তাদেরও সতর্ক থাকতে হবে। দেশের মানুষের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ডে জড়িত হয়ে কেউ নিজেদের বিপদ ডেকে আনবেন না। বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে গুম, খুনসহ নানা ধরনের অপরাধের অভিযোগ উঠেছিল। তার দাবি, এসব কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে একসময় আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণআন্দোলনের চেতনার মধ্য দিয়ে দেশের মানুষ নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা তুলে ধরে সাখাওয়াত বলেন, দেশের মানুষ এখন একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। এই পরিবর্তনের পথে কোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা সৃষ্টি করে কেউ বাধা দিতে পারবে না।
বক্তব্য শেষে ডিআইটি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া মোড়ে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর বিভা, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
