বিরোধী দল থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকি আসছে: রিজভী

বিরোধী দল থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকি আসছে: রিজভী

ফন্ট সাইজ:

ঢাকাসহ বিভিন্ন জায়গায় বাস ও ট্রেনে আগুন দেয়া হচ্ছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা দেখছি, হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে, ইউনিভার্সিটির মেইন গেটের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে। এর সবই কি করছে পতিত স্বৈরাচার? এখন আত্মস্বীকৃত বক্তব্য আসছে সেই রাজনৈতিক দল, যারা এখন বিরোধী দলের ভূমিকায় আছে। আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার এবং হুমকি তাদের মধ্যে থেকেই আসছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধীদলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাজশাহী রেলস্টেশনের হামলার প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, গত রোববার রাতে গুপ্ত বলে পরিচিত সংগঠনের ছাত্র সংগঠনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালিয়েছে, ভাঙচুর ও ধ্বংসাত্মক কাজ করেছে। এর দায় কে নেবে? আপনারা পারলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে একটা লংমার্চ করে দেখেন।

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, আপনারা দুটি নীতি নিয়েছেন, একটি হলো মিথ্যা আশ্রয় নিয়ে বিরোধী বক্তব্য দেয়া। অন্যদিকে নিজেদের সোনালী বা রুপালি রঙের ছেলেদের উস্কে দেয়া ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। আপনারা দেশের সব পলিটিক্যাল ডেভেলপমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমনকি পাকিস্তান আন্দোলনের সময় যখন এ দেশের সব জনগোষ্ঠী এক হয়েছিলÑতখনও আপনারা সেই জাতীয়তাবাদী আন্দোলনের বিরোধিতা করেছিলেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে সব স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের প্রতিটিতেই আপনারা বাধা দিয়েছেন। কখনোই জনগণের পক্ষে আপনাদের কোনো ভূমিকা ছিল না। কিন্তু ইসলামের নাম ব্যবহার করেন। জনগণের সঙ্গে বারবার প্রতারণা করার কারণে আপনারা কোনোদিন জনগণের আস্থা লাভ করতে পারেননি।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ব্যারিস্টার নাসিম খানের সভাপতিত্বে ও মুখপাত্র এস এম শাহাদাতের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী বিশেষ সহকারী (রাজনৈতিক) রাশেদ খান, গণদল চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।