আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার সকাল ৯টার দিকে নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে
গুলিবিদ্ধরা হলেন-কলাবাড়িয়া গ্রামের ইসরাফিল শিকদার (৫০), রাসেল শেখ (৩০), মতিউর রহমান (৪৫), মুক্তি শেখ (৪০) ও হাসান শেখ (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কলাবাড়িয়া গ্রাম এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো।
এর জেরে সকালে দুপক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে সেটা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় গুলি ও হামলায় উভয় পক্ষের দশ জন আহত হন। তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হন।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, ‘বিশৃঙ্খলা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
