বিভিন্ন জনপ্রিয় সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান। ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫বছর। ১৯৭৩ সালে জর্জ রয় হিল পরিচালিত অস্কারজয়ী ‘দ্য স্টিং’ সিনেমায় মটোলা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান স্লোয়ান। এরপর ১৯৮০ সালের মিউজিক্যাল ফ্যান্টাসি ‘জানাদু’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাকে। টেলিভিশনে তার জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়। স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন ,ডিপ স্পেস নাইন ও ভয়েজার সিরিজে ভিন্ন চরিত্রে অভিনয় করেন তিনি। ১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ানাপোলিসে জন্ম স্লোয়ানের। চার ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।
অভিনয়ে আসার আগে তিন বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। পরে নিউ ইয়র্কের আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টস থেকে প্রশিক্ষণ নেন। ১৯৬৯ সালে ‘ইন্ডিয়ানস’ নাটকের মাধ্যমে ব্রডওয়েতে অভিষেক হয় তার। পরের বছর ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউটর’ সিনেমায় বড় পর্দায় পা রাখেন। ১৯৮৯ থেকে টানা ১৮ বছর লেক্সাসের বিজ্ঞাপনের কণ্ঠশিল্পী ছিলেন তিনি। ব্যক্তিজীবনে ১৯৭৩ সালে অভিনেত্রী ডেইর্ড্রে লেনিয়ানের সঙ্গে বিয়ে হয় স্লোয়ানের। তাদের দুই সন্তান ড্যানিয়েল ও সামান্থা।
