বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, ঘটনাস্থলেই মৃত্যু

ফন্ট সাইজ:

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন এক নির্মাণশ্রমিক। তাকে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। আর এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এ ঘটনা ঘটে। ওই নির্মাণ শ্রমিকের নাম মেহেদী হাসান (২৪)। নিহতের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে ।
ভিডিওতে দেখা যায়, কালো রঙের একটি প্রাইভেট কার দ্রুতগতিতে এসে ফুটপাতে বিশ্রামরত মেহেদী হাসানকে চাপা দেয়। আশপাশের লোকজন ছুটে এসে গাড়ির নিচ থেকে মেহেদীর রক্তাক্ত দেহ বের করে আনেন।

এ সময় ক্ষুব্ধ লোকজন ওই গাড়িতে থাকা এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, নির্মাণশ্রমিক মেহেদী হাসান কাজের ফাঁকে ফুটপাতে বসে বিশ্রাম করছিলেন। গাড়িচাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি বলেন, ঘটনাস্থলে জনতা এক কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।

ওই কিশোর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন কর্মকর্তার ছেলে জানিয়ে তিনি বলেন, গাড়িটি ওই কিশোরের পরিবারের। গাড়িটি একজন চালক চালাচ্ছিলেন বলে জানা গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।