জাতিসংঘে ইরান-যুক্তরাষ্ট্র ৩ ঘণ্টার বৈঠক, শিগগিরই আবারও আলোচনার ইঙ্গিত ট্রাম্পের

জাতিসংঘে ইরান-যুক্তরাষ্ট্র ৩ ঘণ্টার বৈঠক, শিগগিরই আবারও আলোচনার ইঙ্গিত ট্রাম্পের

ফন্ট সাইজ:

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে সরাসরি তিন ঘণ্টার এক বিরল বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কূটনীতিকরা। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকটিকে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব দ্রুতই দুই দেশের মধ্যে পরবর্তী দফার আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, মার্কিন দূত স্টিভ উইটকফের বিশেষ অনুরোধ ও আগ্রহের পরিপ্রেক্ষিতে এই বৈঠকের আয়োজন করা হয়। এতে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, ওয়াশিংটনের সঙ্গে কয়েক সপ্তাহের অচলাবস্থা কাটিয়ে এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করাসহ বিভিন্ন বিষয়ে ইরানের নিজস্ব বার্তা ও শর্তাবলি সরাসরি মার্কিন প্রশাসনের কাছে পৌঁছে দেয়া।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, মধ্যপ্রাচ্যে শান্তি ও দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে কূটনীতির পথ উন্মুক্ত রাখতে ইরান এখনো প্রস্তুত। তবে অতীতের বিভিন্ন প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভঙ্গ করাই চলমান কূটনৈতিক তৎপরতার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তেহরানের কূটনৈতিক মহলে এই আলোচনা ঘিরে ইতিবাচক পরিবেশ দেখা গেলেও দেশটির ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) ভিন্ন সুর প্রকাশ করেছে। বাহিনীর মুখপাত্র সতর্ক করে বলেছেন, আলোচনার পাশাপাশি সম্ভাব্য যেকোনো সংঘাতময় পরিস্থিতি ও কঠোর জবাব দেয়ার জন্যও তাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে।