শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লছনা বাজার এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি চা-বাগানের অমৃত শিংয়ের ছেলে জয় শিং এবং একই এলাকার সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক। নিহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ‘আলম এশিয়া’র সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজিটি বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সিএনজির ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাতগাঁও হাইওয়ে থানার দায়িত্বরত পুলিশ উপ-পরিদর্শক মমিনুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।’

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সিএনজির তিন যাত্রীকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাসের চালককে আটক করা হয়েছে।’