যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। এ কথা বলার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিত নেতাদের কাছ থেকে সংক্ষিপ্ত করতালি তিনি পান।
ইরানকে উদ্দেশ করে এদিন ট্রাম্প বলেন, ‘তারা মধ্যপ্রাচ্যের দাদাগিরি করত। কিন্তু এখন তারা আর সেই দাদাগিরি করতে পারছে না।’
ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, আমি সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আমাদের সঙ্গে যোগ দেয় এবং ইরানের ওপর পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবরোধ কার্যকর করে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ছয় মাস ধরে চলা যুদ্ধ, ইরানের ক্রমবর্ধমান দৃঢ় অবস্থান এবং অঞ্চলজুড়ে বাড়তে থাকা অস্থিতিশীলতায় বিশ্বনেতারা উদ্বিগ্ন। একই সঙ্গে ইরানের পারমাণবিক হুমকিও এখনো দূর হয়নি বলে উল্লেখ করা হয়েছে, যদিও ট্রাম্প এ বিষয়ে বিভিন্ন দাবি করে আসছেন।
ট্রাম্প যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইরান সরকারের বিরোধী কয়েক ডজন বিক্ষোভকারী জড়ো হন। তাদের কয়েকজনের হাতে স্বাধীনতা ও গণতন্ত্রের দাবিসংবলিত প্ল্যাকার্ড ছিল। তারা ইরানে স্বৈরশাসনেরও নিন্দা জানান।
