১৩ ছাত্রসংগঠনের সঙ্গে রাশেদ প্রধানের মতবিনিময়: আসন্ন বিপ্লবে একত্র হওয়ার আহ্বান

১৩ ছাত্রসংগঠনের সঙ্গে রাশেদ প্রধানের মতবিনিময়: আসন্ন বিপ্লবে একত্র হওয়ার আহ্বান

ফন্ট সাইজ:

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান দেশের ১৩টি ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেছেন। জাগপা ছাত্রকাফেলার সভাপতি আব্দুর রহমান ফারুকীর সঞ্চালনায় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পল্টনের এক অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে রাশেদ প্রধানের সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জাগপার সভাপতি এস এম জিয়াউল আনোয়ার ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু এবং ঢাকা মহানগর যুব জাগপার সভাপতি ওলিউল আনোয়ার।

মতবিনিময় সভায় রাশেদ প্রধান বলেন, আমার সামনে উপস্থিত ছাত্রনেতৃবৃন্দের সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ মুক্ত হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, ম্যানেজ ভোটের মাধ্যমে ক্ষমতার মসনদে আমরা নব্য জালেম বিএনপিকে পেয়েছি। একই সাথে পুরাতন জালেম আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নতুন করে প্রবেশ করতে চাইছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ষড়যন্ত্র থেমে নেই। আগামীতে ত্রিমুখী লড়াইয়ে আমাদের অবতীর্ণ হতে হবে। জুলাই চেতনায় আধিপত্যবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ গঠনে আজকের ছাত্রনেতৃবৃন্দকে রাজপথে নেতৃত্ব দিতে হবে। আগামীর জাতীয় নেতৃত্বদানের মহান দায়িত্ব আপনাদের কাঁধে। আমি আসন্ন অনিবার্য বিপ্লবের প্রস্তুতি গ্রহণে আপনাদের একত্র হওয়ার আহ্বান জানাই।”

১৩টি ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ ও সাহিত্য সম্পাদক আমিরুল ইসলাম, জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলীম আরিফ, ডাকসু’র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, জুলাই ঐক্যের মুখপাত্র ও ডাকসু নেতা মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মাদ, সংগঠক ও ডাকসু নেতা এবি জুবায়ের,
জকসু’র শিক্ষা ও গবেষণা সম্পাদক, ইব্রাহীম খলীল, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি আবু দারদা মো. সুজন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সভাপতি ওলী উল্লাহ আরজু, জুলাই ফোর্সের আহ্বায়ক মোশাররফ হোসেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আলম, জাতীয় বিপ্লবী সংসদের আহ্বায়ক কাজী ফিরোজ, বাংলাদেশ ইসলামী ছাত্রঐক্যের আহ্বায়ক মো. সাব্বির হুসাইন আমীর, জাগপা ছাত্রকাফেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান ও সহ-সভাপতি মো. রিজাউল ইসলাম এবং জাগপা ছাত্রকাফেলা ঢাকা মহানগরীর সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাহুল।