দুদকের ট্র্যাপ টিমের হাতে সাব-রেজিস্ট্রার

দুদকের ট্র্যাপ টিমের হাতে সাব-রেজিস্ট্রার

ফন্ট সাইজ:

ঘুষের ২ লাখ টাকাসহ চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ট্র্যাপ টিম। এ সময় অফিসের হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকেও আটক করা হয়। মঙ্গলবার দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর একটি ট্র্যাপ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ এই তথ্য জানান। আটককৃতরা হলেন, পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।

দুদক সূত্র জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া আটকে রাখেন সংশ্লিষ্টরা। পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। নিরুপায় হয়ে ওই আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। পরে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ লিখিত আবেদন করেন তিনি।

অভিযোগের পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার ট্র্যাপ অভিযান পরিচালনা করে দুদক। অভিযানের সময় ২ লাখ টাকা ঘুস গ্রহণকালে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়।

দুদক সূত্র জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।