সকালে পাকিস্তানের কাছে পদক খুইয়েছে নারী ক্রিকেট দল। দুপুরে জাপানের কাছে পুরুষ কাবাডির পদক জয়ের সম্ভাবনাও ধূসর হয়ে গেছে। নাগোয়ার টোকাই সিটিজেন জিমনেশিয়মে জাপানের কাছে ৪০-৩৭ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। আগামীকাল ভারতের সঙ্গে খেলবে মিজান-আল আমিনরা। ওই ম্যাচ জিতলেই খেলব পদকের রেসে থাকবে আব্দুল জলিলের শিষ্যরা। যা প্রায় অসম্ভবই বলা চলে। ভারতের সঙ্গে কখনই জিততে পারেনি বাংলাদেশ।
কাবাডির প্রথম দিনই দক্ষিন কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়ে ২০ বছর পর পুরুষ কাবাডিতে পদকের আশা জাগায় বাংলাদেশ। আজ জাপানকে হারাতে পারলেই হতো পদকের পুনরুদ্ধার। তবে এ ম্যাচে পদক পুনরুদ্ধারের মতো খেলতে পারেনি বাংলাদেশ। ডিফেন্ডারদের বোকামিতে প্রথমার্ধের প্রায় ম্যাচ থেকে ছিটকে যায় মিজানরা। ১৫-২২ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয়ার্ধে দারুনভাবে ঘুরে দাড়ায়। বিশেষ করে দিপায়ান গোলদার একাই বাংলাদেশকে ম্যাচে রাখেন। তবে ডিফেন্ডারদের ভুলে একের পর এক পয়েন্ট খুইয়ে ছিকটে যায় দল।
এই হারের পর ভাগ্যকে দুষলেন কোচ আব্দুল জলিল। ম্যাচ শেষে মিক্সড জোনে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি আমাদের ডিফেন্স ভালো না। আজও আমাদের ডিফেন্স ভালো হয়নি। ডিফেন্সের কারণে হেরেছি।’
