মেয়েদের প্রশ্নবিদ্ধ পারফরম্যান্সের জন্য বোর্ডকেই কাঠগড়ায় তুললেন কোচ

মেয়েদের প্রশ্নবিদ্ধ পারফরম্যান্সের জন্য বোর্ডকেই কাঠগড়ায় তুললেন কোচ

ফন্ট সাইজ:

এশিয়ান গেমসে ব্রোঞ্জ মেডেলের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া করার পর মিক্সড জোনে বোমা ফাটিয়েছেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান। দলের এই ছন্দপতনের জন্য সরাসরি বিসিবির শীর্ষ কর্তাদের অপেশাদার মন্তব্যকেই দায়ী করেছেন তিনি।

বিশ্বকাপের পর থেকেই ছন্দহীন জ্যোতিদের ব্যাটিং। এশিয়া কাপ চলাকালীন বিসিবি পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর কোচ ও অধিনায়ক বিরোধী প্রকাশ্য মন্তব্য দলকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। টুর্নামেন্ট চলাকালেই কোচ ছাঁটাইয়ের ইঙ্গিত আসায় অস্থিরতা ছড়িয়ে পড়ে পুরো দলে।

টুর্নামেন্ট চলাকালীন এমন হঠকারী সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে কোচ সারোয়ার ইমরান বলেন, ‘বোর্ড পরিবর্তন করতেই পারে, কিন্তু সেটা টুর্নামেন্ট চলাকালীন সময়ে নয়! একটা টুর্নামেন্ট খেলার সময় হেড কোচ আর ক্যাপ্টেনকেই যদি আপনি সাইজ করে দেন, তবে কীভাবে ভালো পারফরম্যান্স আশা করেন?’
পাওয়ার প্লেতে মাত্র ২৪ রান তোলাকে হারের মূল কারণ চিহ্নিত করে তিনি আরও বলেন, ‘বাইরে থেকে যখন একে-ওকে সরিয়ে দেয়ার কথা ওঠে, তখন থেকেই প্রভাবটা পড়ছে। এশিয়া কাপের পর থেকে আমাদের মেয়েরা স্বাভাবিকভাবে ছক্কা পর্যন্ত মারতে পারছে না। সমস্যাটা এখন পুরোটাই সাইকোলজিক্যাল।’

পাহাড়সম এই ব্যর্থতা কাটাতে দ্রুত সাইকোলজিক্যাল বুস্ট-আপের তাগিদ দেয়ার পাশাপাশি দেশে তৃণমূল পর্যায়ে নারী ক্রিকেটের কোনো স্ট্রাকচার না থাকাকেও দায়ী করেন সারোয়ার ইমরান।