শীর্ষস্থানীয় মার্কিন গণমাধ্যমগুলোর সঙ্গে বিরোধ চরম আকার ধারণ করার প্রেক্ষাপটে এবার ‘ট্রাম্প টিভি’ নামে নিজস্ব একটি অনলাইন স্ট্রিমিং চ্যানেল চালু করেছে হোয়াইট হাউস। তিনটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করার পরপরই সোমবার সন্ধ্যায় চ্যানেলটির সম্প্রচার শুরু হয়। এতে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্য ও মার্কিন সামরিক মহড়ার ভিডিও প্রচার করা হচ্ছে। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা ডিপিএ।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চ্যানেলটি সার্বক্ষণিক চালু থাকবে এবং এতে প্রশাসনের বিভিন্ন ঘোষণা ও অতীত কার্যক্রম একযোগে দেখা যাবে। তবে এতে এখনো কোনো নতুন প্রযোজনা বা সাংবাদিকতামূলক অনুষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়নি।
এর আগে গত শুক্রবার সিএনএন, এমএস নাউ এবং পলিটিকোর সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ এনে তাদের হোয়াইট হাউসের প্রবেশাধিকার বাতিল করেন ট্রাম্প। সমালোচকরা এই পদক্ষেপকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন।
